
জন্মভূমি রিপোর্ট : সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে মেলার নামে কিছু অসাধু ব্যবসায়ী যারা ভ্যাট, ইনকাম ট্যাক্স বা অন্য কোন ট্যাক্স প্রদান করেন না, তারা ক্রেতাদের নিকট অপেক্ষাকৃত কমমূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করছেন। অপরদিকে খুলনার প্রকৃত ব্যবসায়ী যারা ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, ভ্যাট, আয়কর ও অন্যান্য কর পরিশোধ সাপেক্ষে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে থাকেন স্বাভাবিকভাবে তারা যে পণ্য বিক্রয় করেন তার মূল্য একটু বেশি হয়, সাথে-সাথে সরকারেরও রাজস্ব আহরণ হয়। কিন্তু ঐ সকল মেলার কারণে স্থানীয় বিভিন্ন মার্কেট ও দোকোনে ক্রেতাদের আনাগোনা কমে যাচ্ছে এবং ক্রেতাগণ ঐ সকল মেলার দিকে ঝুঁকছেন। ফলে স্থানীয় বিভিন্ন শ্রেনির ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইভাবে সরকার রাজস্ব হারাচ্ছে।
এভাবে চলতে থাকলে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে মর্মে আশঙ্কা করে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পরিচালনা পরিষদ সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থার সদয় দৃষ্টি আকর্ষণ করেন। যাতে করে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিবেশ বজায় থাকাসহ সরকারের রাজস্ব আহরণ অব্যহত থাকে। বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হক, শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মোঃ মোস্তফা জেসান ভুট্টো, গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও মোঃ সোহাগ দেওয়ান।