
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে এক যুবতীকে (১৬) ধর্ষণের অভিযোগে উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবিয়ার পশ্চিমপাড়া কাটলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, একই এলাকার এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিলো আবিয়ার মেম্বার। একপর্যায়ে বিয়ের চাপ দিলে সে অস্বীকার করে। ওই যুবতী বিষয়টি পরিবারকে জানায়। এঘটনায় যুবতীর নানী বাদী হয়ে শ্যামনগর থানায় ধর্ষণ মামলা করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমানকে গ্রেফতার করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। যুবতীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।