
জন্মভূমি ডেস্ক : দেশে এই মুহূর্তে চলছে শাকিব উন্মাদনা। ঈদে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় করছেন অনুরাগীরা। সিনেমাটির শেষে আবেগী হয়ে হল ত্যাগ করছেন তারা। এখানেই বেঁধেছে বিপত্তি।
শাকিব অনুরাগীদের অনেকে আবেগ সংবরণ করতে না পেরে ‘প্রিয়তমা’র চম্বুক অংশগুলো হল থেকে ভিডিও করে এনে প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। বিষয়টি ভালো চোখে দেখছেন না ছবিটির নির্মাতা হিমেল আশরাফ। নেটদুনিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
নিজের ফেসবুকে হিমেল আশরাফ লিখেছেন, ‘হল থেকে ভিডিও করে যারা অনলাইনে দিচ্ছেন তাদের তালিকা সাইবার ক্রাইমে দেয়া হয়েছে। যদি বিপদে পড়তে না চান তবে হল থেকে সিনেমার ভিডিওগুলো নামিয়ে ফেলুন। প্রায় ২২০০০ ফুটেজ আমরা ডিলিট করছি, করছি।’
তিনি আরও লেখেন, ‘আর একটা বিষয়, সিনেমা একটি প্রোডাক্ট। টাকার বিনিময়ে আপনি কোনো একটা সিনেমার প্রশংসা, সুনাম করতেই পারেন। (যদিও আমি মনে করে সিনেমার দম থাকলে এসবের কোনো দরকার পড়ে না।) কেউ যদি আপনাকে টাকা দেয় আপনি সারাদিন সেই সিনেমার মিথ্যা বা সত্য গুণগান করতে থাকেন, নো প্রবলেম। কিন্তু আপনি একটা সিনেমা থেকে টাকা খেয়ে অন্য সিনেমার মিথ্যা বদনাম করবেন, অপপ্রচার করবেন, খারাপ রিভিউ দিবেন সেটা কিন্তু অন্যায়, অপরাধ।’
সবশেষে এই নির্মাতা লিখেছেন, ‘কোনো সিনেমাই ত্রুটিমুক্ত নয়, আপনি সিনেমা দেখেন, ভালো না লাগলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু একজনের টাকা খেয়ে আরেকজনের সিনেমার বদনাম করেন তাইলে আপনি একটা অসৎ মানুষ, আপনার বিচার হবে, অবশ্যই হবে। প্রকৃতিই আপনার বিচার করবে।’
এদিকে পোস্টটিতে ভিডিও প্রকাশকারীদের পাশাপাশি ইঙ্গিতে আরও অনেকের প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন হিমেল আশরাফ। পরে নিজেকে সংবরণ করেন তিনি। নিজের ওই লেখাটি ফের সম্পাদনা করেন। শুধুমাত্র ভিডিও প্রকাশকারীদের বিরুদ্ধে দেওয়া বিবৃতিটুকুই এখন তার ফেসবুকে দেখা যাচ্ছে।
কোরবানির ঈদে মুক্তি পাওয়া এ সিনেমাটি ১০৭ হলে চলছে। এতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।