সাতক্ষীরা প্রতিনিধি : অবশেষে পরিবর্তন করা হলো সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ ও বাজারজাত করার ক্যালেন্ডার। পূর্বে ঘোষিত আম ক্যালেন্ডার পরিবর্তন করে ৭দিন এগিয়ে এনে ৫ মে থেকে এসব জাতের আম সংগ্রহ করা যাবে জানিয়ে বুধবার সংশোধিত ক্যালেন্ডার প্রকাশ করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ি ১২ মে’র পরিবর্তে আগামী ৫ মে থেকে সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। তবে হিমসাগর, ল্যাংড়া ও আম্রুপালি ভাঙার জন্য আগের নির্ধারিত সময় বহাল থাকবে।
প্রসঙ্গতঃ গত ১৬ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২ মে থেকে সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ আরও স্থানীয় কয়েকটি প্রজাতির আম, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রুপালি ভাঙার অনুমতি দেয় জেলা প্রশাসন।
এদিকে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে প্রকাশিত আম ক্যালেন্ডারের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছিল জেলার প্রান্তিক পর্যায়ের আম চাষীরা। গোপালভোগ ও গোবিন্দভোগ আম ইতিমধ্যে গাছে পাকতে শুরু করলেও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তা ভাঙতে পারছিল না চাষীরা। ফলে অনেক স্থানে পাকা আম গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে মোটা অংকের টাকা বিনিয়োগ করে বাগান কিনে ক্ষতির মুখে পড়ে আম চাষীরা।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত