
জন্মভূমি রিপোর্ট : মোঃ সিদ্দিক আলী নামে এক কুখ্যাত মাদক কারবারি সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন গোয়ালডাঙ্গা এলাকার একটি মাছের ঘের হতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার র্যাব-৬ এর একটি টিম তাকে গ্রেফতার করে। সে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং প্রাইভেট কার চুরির অভিযোগে আরও দুইটি মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া সিদ্দিক সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা, খুূলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবার চালিয়ে আসছিল। ২০১০ সালে সে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনার বটিয়াঘাটা উপজেলা এলাকা হতে গ্রেফতার হয়েছিল। আদালত হতে জামিনে মুক্ত হয়ে সে আবারও মাদক কারবার শুরু করে। ২০১২ সালে এক হাজার ১শ’ ৫ বোতল ফেন্সিডিলসহ সে দারুসসালাম থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সেই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। ওই দণ্ডাদেশ মাথায় নিয়ে সে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব তার অবস্থান শনাক্তের পর গ্রেফতার করেছে।
সূত্রমতে, আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সিদ্দিক একটি চোর চক্রের সাথে জড়িয়ে পড়ে। ২০১৩ সালে পুলিশ তাকে নারায়নগঞ্জ এলাকা হতে একটি চোরাই প্রাইভেটকারসহ গ্রেফতার করেছিল। আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।