
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় প্রতিভাবান তরুণ সাংবাদিক রেজাউল ইসলামা মিঠুর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার জুম্মাবাদ সাতক্ষীরা সদর উপজেরার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজে সংবাদিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। রেজাউল ইসলাম মিঠু সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। কয়েক মাস আগে সাংবাদিক মিঠু জার্মানিতে যান। সেখান থেকে ফ্রান্সে যান। সেখানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। গত ২৮ মে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তার মরদেহ গতকাল দেশে আনা হয়। জানাযার নামাজে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো; আলাউদ্দীন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাকিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন।
সাংবাদিক রেজাউল ইসলাম মিঠুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।