জন্মভূমি রিপোর্ট : সাবেক কৃিত ফুটবল খেলোয়াড় ও প্রশিক্ষক এস এম মনসুর আহমেদ আর নেই। তিনি বরিবার রাত ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর খুলনা টাউন জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়। জানাজায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ খেলোয়াড়, কোচ, সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাধুলার জীবনে এস এম মনসুর আহমেদ পাতিয়ালায় ফিফার কোচ হিসেবে ফুটবলার ডিপ্লোমা ডিগ্রিলাভ করেন। ১৯৮৪ সালে ফিফা কর্তৃক আয়োজিত পাকিস্তানের পেশোয়ারে এশিয়ান জোন-২ এর প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। এসময় তার একাগ্রতা, ক্রীড়া কৌশল ফিফা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। তিনি দীর্ঘ দিন খুলনার আবাহানী ক্রীড়াচক্র ও ইয়ং মুসলিম স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন । এছাড়া তিনি ঢাকার ওয়ান্ডারার্স ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন।
তিনি ১৯৮৯ সালের ১৫ জুন বিকেএসপিতে প্রশিক্ষক হিসেবে যোগ দেন। তার কর্ম আমলেই ক্রীড়াবিদ গড়ে তোলা বাংলাদেশের এই জাতীয় প্রতিষ্ঠানটি ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে ভারতের ফুটবল অঙ্গনে চমক সৃষ্টি করে। এস এম মনসুর আহমেদের নিরলস পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা বিকেএসপির ক্ষুদে ফুটবলাররা ঐ বছরের জুলাই মাসে ডেনমার্কের ডানা কাপ ও সুইডেনের গোথিয়া কাপ জিতে এনে গোটা দুনিয়ায় চমক সৃষ্টি করে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত