
দাকোপ (খুলনা) প্রতিনিধি : কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়ে উক্ত এলাকা হতে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর সদস্য বাদশা শেখ (২৫) কে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পারে সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্ট গার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ইতি মধ্যে কোস্ট গার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত