
শরণখোলা আঞ্চলিক অফিস : এবার পূর্ব সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে হানা দিয়েছে বনদস্যুরা। শুক্রবার দিবাগত রাতে শেলারচর থেকে অস্ত্রের মুখে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু করিমশরীফ বাহিনী। এ ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতংক দেখা দিয়েছে। পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে মোবাইল ফোনে বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বনদস্যু করিমশরীফ বাহিনী শেলারচরের জেলেপল্লীতে হানা দেয়। দস্যুরা অস্ত্রের মুখে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছেন, খাইরুল (৩৫), ফারুক (২৮), সামসুল ইসলাম (২৫), সফরুল (৩২), মারুফ (২৮) ও মিলন (৩০)। এদের বাড়ী কয়রা, রামপাল ও মোরেলগঞ্জ এলাকায়। এ ছাড়া বৃহস্পতিবার রাতে দুবলার লইট্রাখালী এলাকায় জেলেদের একটি ট্রলার দস্যুরা নিয়ে গেছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। শেলারচরের মৎস্য ব্যবসায়ী আরিফুল হক মিঠু বলেন, এতোদিন সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় বনদস্যুরা মুক্তিপণের দাবীতে জেলেদের ধরে নিয়ে যেতো। এখন দস্যুরা বনরক্ষীদের টহল ফাঁড়ি সংলগ্ন জেলেপল্লীতে হানা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। শুক্রবার রাতে ৬ জেলেকে অপহরণের পরে চরের জেলেদের মাঝে আতংক দেখা দিয়েছে। বলা যায় জেলেরা নিরাপত্তাহীন অবস্থার মধ্যে পড়েছে। বনদস্যু দমনে অবিলম্বে সুন্দরবনে পূর্বের মতো “এলিট ফোর্স র্যাব”এর অভিযান পরিচালনা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান তিনি। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম শেলারচরে ৬ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, শেলারচরে অবস্থানরত জেলেদের নিরাপত্তায় শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

