
রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ
জন্মভূমি ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন হিরো আলম। আর সেই প্রচারণায় তিনি নারীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে।
হিরো আলাম জানান, প্রচারণা চালাতে বস্তিতে প্রবেশ করতে গেলে ২০ থেকে ২৫ জন নারীর একটি দল তাকে বাধা দেয়। বাধা এড়িয়ে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। একপর্যায়ে আইসিডিডিআর, বি কমপ্লেক্সে আশ্রয় নেন।
এবিষয়ে তিনি লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছেন। স্বতন্ত্র এ প্রার্থী বলেন, রিটার্নিং অফিসারকে বলেছি আমরা জানের নিরাপত্তা দেখতেছি না। আমি না হয় আমার জানের মায়া করলাম না। কিন্তু আমার এক কর্মী হাসপাতালে। আমি তো চাই না হিরো আলমের জন্য কোনো মায়ের বুক খালি হোক। আপনারা জানেন, এ নির্বাচন নির্বাচন করে কত মায়ের বুক খালি হয়েছে শুধু ক্ষমতায় যাওয়ার আশায়। কিন্তু তারা ক্ষমতায় ঠিকই আছে, কিন্তু মা তার সন্তানকে ফিরে পায়নি। এর রকম ঘটনা যদি হয়, আমার কর্মী যদি মারা যায়, তাহলে কী হবে!
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে নারীরা বলেন, ‘হিরো আলমই আগে আমাদের ওপর হামলা করেছে। আমরা শুধু প্রতিহত করেছি।’
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি সহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।