
খুলনা (২৭ ফেব্রুয়ারি)
এবারে খুলনা নগরীর ১০ সাব সেন্টারে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবেনা। পরীক্ষার্থী কম, অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া এবং নানা অনিয়ম থাকায় এসব কেন্দ্র বাতিল হয়েছে। মূল কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল থেকে এবারের এসএসসি পরীক্ষা।
যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ গত ১৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাব সেন্টারগুলো বাতিলের ঘোষনা দেয়। সাব সেন্টারগুলো হচ্ছে রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বঙ্গবাসি মাধ্যমিক বিদ্যালয়, রোটারী স্কুল, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়, বিকে ইউনিয়ন ইন্সটিটিউশন, খানা বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুল।
খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান জানান, জিলা স্কুল, করোনেশন ও ল্যাবরেটরী হাইস্কুলের মতো মূল কেন্দ্রগুলোতে পরীক্ষা অসুষ্ঠিত হবে। উল্লিখিত কেন্দ্রগুলো বাতিলের জন্য অনিয়মের অভিযোগ প্রাধান্য পেয়েছে। কড়াকড়ি নিয়মের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যশোর বোর্ডের অধীনে বাতিল অন্যান্য কেন্দ্র হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় এবং হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়।
যশোর বোর্ড জানিয়েছে, এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের নিকটস্থ বিকল্প কেন্দ্রে স্থানান্তরিত করা হবে।