
খুলনা (১৮ ফেব্রুয়ারি)
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে ঘটনাটি ঘটে।
আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে লবণচরা ভুতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কতিপয় সন্ত্রাসী তাকে লক্ষ করে পরপর দুই রাউন্ড গুলি করে। দুইটি গুলি তার ডান পায়ের হাটুতে বিদ্ধ হয়। স্থানীয় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যায়।
জানতে চাইলে লবণচরা থানার এসআই খালিদ হাসান বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্ত ক্ষরণ হয়েছে। তার অবস্থা খুব আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
আহত যুবকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।