
হুমায়ুন কবির, খোকসা : কুষ্টিয়ার খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা খোকসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
জানা যায়, গতকাল শুক্রবার সকালে খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের
কবরস্থানের গাছ কেটে উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে গোরস্থান কমিটি ১ লক্ষ ৭০ হাজার টাকায় ১০ টি গাছ বিক্রি করেন।
এটাকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া ও বরইচারা দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে ডাক্তার জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সাতপাখিয়া গোরস্থান ১০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। গোরস্থানের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গোরস্থানের উন্নয়নকল্পে গোরস্থান কমিটির সভাপতি আবু মুসা এবং সাধারণ সম্পাদক আব্বাস আলী গোরস্থানের ১০ টি বড় গাছ এক লক্ষ ৭০ হাজার টাকা বিক্রয় করেন। গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মমিন শেখ (২৮), বিল্লাল শেখ (৪৫), মিলন শেখ( ৪০) ও আসির উদ্দিন( ৪৫) সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতরা খোকসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাতপাখিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা সাবেক মেম্বর আশরাফুজ্জামান খোকন বলেন, এই গোরস্থানটি কাগজপত্রে সাতপাখিয়া গ্রামের। আমরা শুধু মানবতার কারণে অন্য গ্রামের লোকজনের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি।
এ ব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত )মোশাররফ হোসেন জানান, গোরস্থান কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি সত্য। আমি উভয়পক্ষকে থানায় আসতে বলেছি। এ ব্যাপারে কেউই মামলা করেনি।