
আপনি কি আপনার কম্পিউটার বা ল্যাপটপে গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার ব্যবহার করেন? তবে এখনই সাবধান হওয়া প্রয়োজন। ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা ‘সার্ট-ইন’ (CERT-In) ক্রোম ব্যবহারকারীদের জন্য একটি ‘হাই-সিকিউরিটি অ্যালার্ট’ জারি করেছে। সংস্থাটির মতে, ব্রাউজারের একটি গুরুতর দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আপনার সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে পারে এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
কেন এই উচ্চ সতর্কতা?
ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (CERT-In) জানিয়েছে, গুগল ক্রোমের পুরনো সংস্করণগুলোতে কিছু কারিগরি ত্রুটি ধরা পড়েছে। বিশেষ করে ব্রাউজারের সিএসএস (CSS) উপাদানে “Use-After-Free” নামক একটি মেমরি বাগ পাওয়া গিয়েছে। এর ফলে ব্রাউজার কোনো মেমরি পরিষ্কার করার পরেও সেটি ব্যবহার করতে থাকে, যার সুযোগ নেয় সাইবার অপরাধীরা। হ্যাকাররা ব্যবহারকারীকে কোনো ক্ষতিকারক লিঙ্ক বা বিশেষভাবে তৈরি করা ভুয়া ওয়েবসাইটে প্রলুব্ধ করে এই আক্রমণ চালাতে পারে।
ঝুঁকির মুখে কোন কোন সংস্করণ?
নিরাপত্তা সংস্থার পরামর্শ অনুযায়ী, ব্যবহারকারীরা যদি নিচের সংস্করণের চেয়ে পুরনো ভার্সন ব্যবহার করেন, তবে তারা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন:
লিনাক্স (Linux): ১৪৪.০.৭৫৫৯.৭৫-এর চেয়ে পুরনো সংস্করণ।
উইন্ডোজ এবং ম্যাক (Windows/Mac): ১৪৫.০.৭৬৩২.৭৫/৭৬-এর চেয়ে পুরনো সংস্করণ।
Cyber-Alert.png.5.1x.generic
সফল হ্যাকিংয়ের ফলাফল কী হতে পারে?
যদি কোনো আক্রমণকারী এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সফলভাবে কোড চালাতে পারে, তবে তিনি ব্যবহারকারীর কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করতে পারেন। এর মাধ্যমে সংবেদনশীল ডেটা চুরি, ব্যবহারকারীর ওপর গুপ্তচরবৃত্তি এবং এমনকি পুরো সিস্টেমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াও হ্যাকারদের জন্য সহজ হয়ে যাবে। এর জন্য আক্রমণকারীর ডিভাইসে শারীরিক অ্যাক্সেসের প্রয়োজন নেই; স্রেফ একটি লিঙ্কে ক্লিক করাই বিপদের জন্য যথেষ্ট।
সুরক্ষায় করণীয়: কীভাবে আপডেট করবেন?
এই ঝুঁকি থেকে বাঁচতে দ্রুত ক্রোম ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ সংস্থাটি। আপডেট করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো-
১. গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডানদিকের উপরের কোণায় থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
২. মেনু থেকে Settings অপশনে যান।
৩. বাঁদিকের প্যানেল থেকে একদম নিচে থাকা About Chrome নির্বাচন করুন।
৪. ক্রোম স্বয়ংক্রিয়ভাবে নতুন আপডেট পরীক্ষা করবে এবং ডাউনলোড শুরু করবে।
৫. আপডেট শেষ হলে Relaunch বাটনে ক্লিক করে ব্রাউজারটি পুনরায় চালু করুন।