
ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় নানা-বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে স্কুলছাত্র রাকিব হাসান (১৪) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার খলশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান একই উপজেলার গোনালী গ্রামের মাহেন্দ্রা চালক আবুল কালামের ছেলে। এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার খনিয়া ইউনিয়নের গোনালী গ্রামের মাহেন্দ্রা চালক আবুল কালামের ছেলে মোঃ রাকিব হাসান দুইদিন আগে একই উপজেলার খলশি গ্রামস্থ নানাবাড়িতে বেড়াতে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে সে ছাগলের জন্য মেহগণির পাতা ছিঁড়তে গাছে ওঠে। তখন গাছের সঙ্গে লেগে থাকা বৈদ্যুতিক তার রাকিবের শরীরে জড়িয়ে যায় এবং মুহুর্তের মধ্যে নীচের মাটিতে ছিটকে পড়ে। এ সময় তার স্বজনরা দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ওদিকে নিহত রাকিব হাসানের এই অকাল মৃত্যু’র খবর শুনে নিজ গ্রাম গোনালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙ্গে পড়ছে আত্নীয়-স্বজন, গ্রামবাসী ও সহপাঠীরা।