
জন্মভূমি রিপোর্ট : তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ী ফেরার পথে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত হয়েছে। এসময় আরো এক যুবলীগ কমী আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার ১১নং পেরুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মীর নাম আজাদ শেখ (৩০)। তিনি ১১নং পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনায় অনুষ্ঠিত যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করে। এই মিছিলে আসে আজাদ শেখ। সমাবেশ শেষ করে সন্ধ্যার পর ১১ নং পেরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট পার হওয়ার পর পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসী হামলা করে। এই হামলায় আজাদ শেখ মারা যান। এছাড়াও জনি সরদার নামে এক যুবলীগ কর্মী আহত হয়। আহত জনি সরদার একই ইউনিয়নের আজিবের সরদারের পুত্র।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে তার মৃত্যু সংবাদে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছুটে যান নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এ সময় নেতৃবৃন্দ কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নেতৃবৃন্দ।