
গাজী জাহিদুর রহমান, তালা : নাম শুনলেই মনে হবে এটি কোন রাজা বা বাদশার নাম। কিন্তু এটি হাতির মতো বিশাল আকৃতির একটি কোরবানির পশু। যার নাম রাখা হয়েছে ‘সম্রাট’। এবার ঈদে তালা উপজেলাসহ সাতক্ষীরার কোবরানির হাটে মাঠ কাঁপাবে এই সম্রাট। সম্রাটের উচ্চতা ৮ ফুট, দৈর্ঘ্য ১০ ফুটের বেশি এবং ওজন প্রায় ৩৫ মণ বলে মালিকের দাবী। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা। সাতক্ষীরার তালা উপজেলার চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিম দীর্ঘ ৪ বছর ধরে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি লালন পালন করে বড় করেছেন। আদর করে ষাড়টির নাম দিয়েছেন ‘সম্রাট’। সুঠাম দেহের অধিকারি সুউচ্চ এই ষাঁড়টিকে কোরবানির হাটে তোলার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছেন মালিক।
ষাঁড়টির মালিক মোঃ আব্দুল আলিম জানান, প্রায় ৪ বছর আগে ৬০ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের এই গরুটি কেনা হয়। সেই হতে ষাঁড়টিকে প্রতিদিন ৪ কেজি খুদের ভাত ঘাস, খৈল, কুড়া, ভূষি, কলা, মাল্টাসহ বিভিন্ন ফল-ফলাদি খাওয়ায়ে স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালন করেন। আদরের পশু সম্রাটকে লালন-পালন করতে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। সম্রাটকে বড় করতে অনেক টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েছেন তিনি।
আব্দুল আলিম বলেন, সম্রাটের উচ্চতা ৮ ফুট, দৈর্ঘ্য ১০ ফুটের বেশি এবং ওজন প্রায় ৩৫ মণ হবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা। তবে এখন বিক্রি করলে ষাঁড়টির নির্ধারিত মূল্যর চেয়ে কম পাওয়া যাবে বলে ধারণা করেন তিনি।
এদিকে ষাঁড়টি দেখতে আসা আবুল কালাম গাজী নামের এক ব্যক্তি জানান, চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিমের কোরবানির পশু সম্রাট। হাতিরমত আকৃতি এই ষাঁড়টির দাম হাকানো হয়েছে ১৫লক্ষ টাকা। তার মতো অনেকেই ষাঁড়টি দেখার জন্য ভিড় করছে বলে জানান তিনি।
তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস জানান, খামারি আব্দুল আলিমের ষাঁড়টির ওজন আনুমানিক ২০ মনের বেশি হতে পারে। গত কোরবানির ঈদে চাহিদা মতো দাম না পাওয়ায় ষাঁড়টি বিক্রি করতে পারেনি ঐ খামারী।