
তালা প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মাত্র দেড় ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন আহত হয়েছে। রবিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় ও ১টার দিকে তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় দুর্ঘটনাগুলো ঘটে। আহতরা হলেন সাতক্ষীরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, লিনেট ফাইন আর্টসের পরিচালক রোজ বাবু ও প্রাইভেট চালক মোয়াজ্জেম হোসেন। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেট কার যোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন সংগীত শিল্পী রোজ বাবু। পথিমথ্যে তালার কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় আসলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখেমুখি সংঘর্ষ হয় এতে রোজবাবু ও চালক আহত হয়। এদিকে বেলা ১টার দিকে মহাসড়কের কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের ভিতরে থাকা এক যাত্রী গুরতর আহত হয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।
চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।