
জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দলীয় প্রতীক ও স্বতন্ত্র থেকে নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্যানুযায়ী, সারাদেশের দলীয় ও স্বতন্ত্র থেকে মোট ৯০ জন নারী প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। অন্যদিকে দেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে ৭৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থী ভোটে লড়াই করবেন। নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলে মোট ১৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি জানায়, মোট প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে তিনজন প্রার্থিতা ফিরে পাওয়ার পর দলটির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৬৬ জন। এরপরই রয়েছে জাতীয় পাটির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩, ন্যাশনাল পিপলস পার্টির ১২২, বাংলাদেশ কংগ্রেসের ৯৬, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮টি রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৩৬ জন। মোট প্রার্থীর মধ্যে ৭৫ জন হাইকোর্ট থেকে আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।