
বিজ্ঞপ্তি : বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন রাজনীতিক ও সিভিল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের সহযোগিতায় বৃহস্পতিবার নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত ‘নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ, জনপ্রত্যাশা এবং অংশীজনদের দায়িত্ব শীর্ষক’ মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। কিন্তু দেশে রাজনৈতিক বিভাজন প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছে। আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামী নির্বাচন অতিক্রম করেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উন্নীত করতে হবে। এছাড়া সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের কোন বিকল্প নেই।
বিইআই’র প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অবঃ) এম. হুমায়ুন কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মুন্সী মাহবুব আলম সোহাগ, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, সৈয়দ রেহানা ঈসা, শেখ আবু হোসেন বাবু, মো: মনিরুজ্জামান মন্টু, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মল্লিক হাদিউজ্জামান, অধ্যাপক মো: গাউসুল আজম, এ এস এম তৈয়ব হোসেন, সিপিবির জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দীন, বাসদের জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, জাসদের মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জাকের পার্টির মহানগর সভাপতি ইদ্রিস আলী বিল্টু, কাউন্সিলর মোহাম্মদ আলী, সুজনের সাধারণ সম্পাদক অ্যাড. কুদরত-ই-খুদা, অ্যাড. শামীমা সুলতানা শিলু, সাংবাদিক গবেষক গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব, দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক মো: শাহ আলম প্রমুখ।