
জন্মভূমি ডেস্ক : নারায়ণগঞ্জের রুপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় গোলাম রব্বানি রাব্বি (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনার মৃত্যুর সংখ্যা বেড়ে দারালো ৫ জনে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরো ২ জন।
শুক্রবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গোলাম রব্বানির মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, রাব্বির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। এতে গলিতো তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন ৭ জন। হাসপাতালে নেয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন। আর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান নিয়ন শেখ (২০)। আর এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় আলমগীর হোসেনের (৩০)।
এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন- মো. জুয়েল (২৫) ও ইব্রাহিম (৩৫)।