
পাইকগাছা প্রতিনিধি : দীর্ঘদিন পর খুলনার পাইকগাছা ৫০ শয্যা হাসপাতালে এক সঙ্গে ৮ জন চিকিৎসক যোগদান করলেন। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমানের নিকট তারা আনুষ্ঠানিকভাবে এই যোগদানপত্র হস্তান্তর করেন। যোগদানকৃত চিকিৎসকরা হলেন, সহকারী সার্জন ডা. মো. তানভীর আহমেদ, ডা. ফখরুদ্দিন আহমেদ, ডা. নয়ন কুমার সরকার, ডা. অর্ণব ঘোষ, ডা. প্রান্ত সরদার, ডা. মো. আবু জাফর, ডা. ইমরান হোসেন ও সহকারী ডেন্টাল সার্জন ডা. আখি দাস। অনুষ্ঠানে ডা. মো. মাহবুবর রহমান নতুন চিকিৎসকদের স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান এবং সততার সাথে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন এক দিনে ৮ জন চিকিৎসকদের এই যোগদানের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘ দিনের যে সংকট ছিল তা থেকে মুক্তি পাবে এ অঞ্চলের মানুষ। আশা করা যাচ্ছে, চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন। এসময় জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. শাকিলা আফরোজ সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও পর্যাপ্ত জনবল সংকটের কারণে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল।