
পাইকগাছা অফিস : পাইকগাছা পৌরসভা এলাকায় অতুল দাশ (৮৫) নামে একজনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তিনি বাজারে লঞ্চ, ট্রলার, মালবাহী নৌকা থেকে দীর্ঘদিন ধরে খালাসি (শ্রমিক) হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সোমবার সকাল ১০ টায় স্থানীয় সরল খাঁ’র দীঘিতে তার লাশ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের ছেলে প্রভাত দাশ জানান, মঙ্গলবার সকালে তার বাবা সরল দীঘিতে গোসল করতে যান। এরপর তিনি বাড়ী না ফেরায় বিভিন্ন স্থানে খোজা-খুঁজির এক পর্যায়ে দীঘির ঘাটে তার কাপড়-চোপড় দেখতে পাওয়া যায়। তখন পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে বাবাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ তাকে মৃত বলে ঘোষণা করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, লাশের সুরত হাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।