
পাইকগাছা প্রতিনিধি : সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটার দিকে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। এ সময় কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি তুলে ধরেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসের সিএ আ. বারী, উত্তম কুন্ডু, বিশ্বজিৎ সরদার, সুরজিত পাল, তুহিন বিশ্বাস, সহকারী উপজেলা ভূমি অফিসের অমর্ত্য বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. সরোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক অফিসের মো. শাহিদুজ্জামানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সরকার গঠিত পে কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও কার্যকর করতে হবে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিপুল সংখ্যক কর্মচারী উপস্থিত ছিলেন এবং কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

