
জন্মভূমি ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপির স্থায়ী কমিটি।
সোমবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারনী এ ফোরামের ভার্চুয়াল সভায় এ নিয়ে বিস্তারিত তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, সারাদেশে অস্বাভাবিক নারী নির্যাতন বৃদ্ধি এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে ঢাকায় নারী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সমাবেশের তারিখ চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে প্রস্তুতি ও সমন্বয় করার জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করবে দলটি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটির এসব সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে স্থায়ী কমিটির ওই ভার্চুয়াল সভা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব বলেন, সভায় গণ-বিরোধী প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করা হয়। সভা মনে করে উচ্চমূল্যস্ফীতির চরম দুরাবস্থার বিপর্যস্ত পরিস্থিতির মাঝেও করযোগ্য নয় এমন টিনধারীদের ওপর ন্যূনতম দুই হাজার টাকা আয়কর আরোপের সিদ্ধান্তসহ অর্থনৈতিক সংকট নিরসনের কোনও বাস্তবসম্মত নীতি গ্রহণ না করে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সংকটময় করে তুলবে। এই বাজেট মূল্যস্ফীতি আরও বৃদ্ধি করবে, কৃষি ও শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারনে উৎপাদন নিরুৎসাহিত করবে। অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি করবে।
তিনি বলেন, সভা মনে করে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে শিক্ষার ব্যয়, শিক্ষার উপকরনের মূল্য বৃদ্ধির কারনে শিক্ষার মান উন্নয়নের পথকে বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যখাতে জনগণের স্বাস্থ সেবা লাভের সুযোগ সৃষ্টি করার কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সর্বোপরি অনুৎপাদন খাতে বরাদ্দ বৃদ্ধি করে সার্বিক উৎপাদনশীলতা ব্যহত করা হচ্ছে। ঘাটতি বাজেটের অর্থ সংগ্রহে সুনির্দিষ্ট বাস্তবসম্মত নীতি গ্রহণ না করে গোজা মিলের মাধ্যমে জনগণের প্রতারণা করা হয়েছে। এই বাজেট সাধারণ মানুষকে আরও বেশি দুর্ভোগে ফেলবে।