
খানজাহান আলী থানা প্রতিনিধি : মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা। শনিবার বিকাল সোয়া ৫টায় ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আগামীকাল ১৭ জুলাই ডাকবাংলার সোনালী ব্যাংক চত্ত্বরের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় যাওয়ার পথে ফুলবাড়ীগেট পুলিশ বক্স সংলগ্নে তিনি হামলার শিকার হন। নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা এগিয়ে এলে এবং পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামের এক যুবদল কর্মীকে পুলিশ আটক করে। পরে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় যোগদেন নজরুল ইসলাম মঞ্জু।
জানাগেছে, আগামীকাল ১৭ জুলাই ডাকবাংলার সোনালী ব্যাংক চত্ত্বরের খুলনার বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভার আহবান করেন থানা বিএনপির সাবেক কমিটি। প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিকাল ৪ টার পর থেকে বিএনপির আহবায়ক কমিটির গ্রুপের নেতা-কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুরাতন টিটিসি কলেজ রোর্ড (ফুলবাড়ীগেট দারোগা বাজার রোর্ডে) অবস্থায় নেয়। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু সফর সঙ্গীদের নিয়ে প্রস্তুতি সভায় উদ্দেশ্যে রওনা দেয়। বেলা সোয়া ৫টার দিকে ফুলবাড়ীগেট পুলিশ বক্স সংলগ্নে তার গাড়ীটি পৌছালে একদল যুবক লাঠিসোঠা নিয়ে তার গাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে পরে গাড়ীটি ঘিরে ফেলে লাঠিসোঠা দিয়ে ভাঙচুর করে। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের পিছু হঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে করেছে বলে জানাগেছে।
হামলার বিষয়ে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ বলেন, খানজাহান আলী থানা বিএনপির ব্যানারে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর গাড়িটি ফুলবাড়ীগেট আসার পথে হামলার স্বীকার হয়। তিনি অক্ষত থাকলেও তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পলিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।