
জন্মভূমি ডেস্ক : বিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্রকে কখনোই শক্তিশালী বলা যাবে না মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘জনগণ যাতে সহজে, স্বল্প সময় ও খরচে ন্যায়বিচার পান তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলাজট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করছে।’
মামলাজটের কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, স্বল্প সময়ে ও স্বল্প খরচে মানুষ যেন ন্যায়বিচার পান, তার ব্যবস্থা করা।’
হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘সরকার ‘ন্যায়কুঞ্জ’ প্রতিষ্ঠার জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। আমরা জেলা শহরগুলোতে ৫০ লাখ টাকা করে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠায় বরাদ্দ দিচ্ছি। সেখানে নারী-পুরুষদের জন্য পৃথক শৌচাগার ও বসার জন্য ৫০ থেকে ৭০টি চেয়ারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি খাবার ও নিত্যপণ্যের দোকান থাকবে।’
বাংলাদেশ অনেক দূর এগিয়েছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশে আর্থিক সংগতি বেড়েছে। দেশ সমৃদ্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই গতিশীল রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সংগতি রেখে আমাদের দায়িত্ব হচ্ছে জুডিশিয়াল ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। এ পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর একটি হচ্ছে ন্যায়কুঞ্জ।’