
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জামরুল গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আব্দুল কাদের মুন্সী নামে ৭৫ বছর বয়সী বৃদ্ধ আত্মহত্যা করেছেন। নিহত আব্দুল কাদের মুন্সী উপজেলার বড় শৌলা গ্রামের মৃত সেকান্দার মুন্সীর পুত্র। খবর পেয়ে থানা পুলিশ গত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ কাদের মুন্সী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। বৃদ্ধ বয়সে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বুধবার পরিবারের লোকজনের বসত ঘরের পাশে জামরুল গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় বৃদ্ধ কাদের মুন্সীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় নিহত কাদের মুন্সীর ছেলে ফিরোজ মুন্সী বাদী হয়ে গত বুধবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।