
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার সরকারি হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিহাব উদ্দিন ঈদ-উল-আযহার নামাজের আলোচনায় সরকার বিরোধী বক্তব্য দেয়ায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, পবিত্র ঈদ-উল-আজহার খুতবার আলোচনায় মাওলানা সিহাব উদ্দিন সরকার বিরোধী বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ঈদের পরে বড় আন্দোলন হবে। এ আন্দোলনে সবাইকে অংশ গ্রহণ করতে হবে এবং সজাগ থাকতে হবে। তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসুল্লিরা এর প্রতিবাদ জানান এবং নামাজ শেষে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করেন। মাওলানা সিহাব উদ্দিন উপজেলার টিকিকাটা নূরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক।
এদিকে কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম ।
তবে কারন দর্শানোর ওই নোটিশে ঈদ উল আজহা না লিখে জুমআর নামাজের খুতবার আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। এটি সংশোধন করা হবে বলে জানিয়েছেন ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম।
নোটিশে উল্লেখ করা হয়, মসজিদে খুতবার আলোচনায় সরকার বিরোধী আলোচনা করেছেন বলে মসজিদের মুসুল্লিগণ অভিযোগ করেছেন। এহেন আলোচনা সরকারী নিয়ম বহির্ভূত রাষ্ট্রদ্রোহী ও শাস্তিযোগ্য অপরাধ। সরকারী বিধি অনুযায়ী কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহার সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ দেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক পৌর মেয়র আলহাজ¦ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস জানান, এ ঘটনায় রোববার সন্ধ্যায় ওই ইমাম সাহেব ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কারন দর্শানোর যে নোটিশ দিয়েছে তার জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।