
॥ চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ ॥
যশোরে ব্যাংকে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার শার্শার আব্দুল গনি মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
জাকির হোসেন সাতক্ষীরার কলারোয়ার হিজলতলি গ্রামের নুর ইসলামের ছেলে ও যশোর সরকারি সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।
মামলার অভিযোগে জানা গেছে, আত্মীয়ের মাধ্যমে প্রভাষক জাকির হোসেনের সাথে আব্দুর রাজ্জাক মন্ডলের পরিচয় হয়। এক পর্যায়ে জাকির হোসেন তাকে বিভিন্ন অফিস খচর হিসেবে ৪ লাখ টাকা দিলে তিনি তার ছেলে ইমরান হোসেন বাপ্পীকে কমার্শিয়াল ব্যাংক অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংকে কম্পিউটর অপরাটের অথবা গার্ডের পদে চাকরি পাইয়ে দিবেন। এরপর মৌখিক চুক্তির প্রেক্ষিতে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৩ দফায় ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জাকির হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে দেন আব্দুর রাজ্জাক মন্ডল। এছাড়া ২৫ নভেম্বর তাকে নগদ ৩০ হাজার টাকা দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী ৩ মাসের মধ্যে চাকরি পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় জাকির হোসেনকে দেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত চাইলে আজনা কাল বলে ঘোরাতে থাকেন। গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে যশোর শহরের দড়াটানা মোড়ে জাকির হোসেনকে পেয়ে টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
॥ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক ॥
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শার্শার গ্রামের রানা হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। রানা মাটিকুমড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত শনিবার রাতে নাভারন ব্রুজবাগান এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত এ মাদক কারবারিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, রানা হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৩সালের ১৩ মে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালি থানা এলাকা থেকে র্যাবের হাতে আটক হয়। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা হয়। ওই মামলায় গত ২২ জানুয়ারি রানা হোসেনর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ (বিশ) হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরপর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থাকতো রানা । র্যাব অবস্থান সনাক্ত করে শনিবার রাতে তাকে আটক করে।
॥ বিজিবিতে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ায় মামলা ॥
কলেজ পড়ুয়া শিক্ষার্থী পারভেজ হোসেন (২৪) কে বিজিবিতে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে চাকরি দিতে না পেরে নানা তালবাহনা করার ঘটনায় কোতয়ালি থানায় গত শনিবার রাতে মামলা হয়েছে। মামলাটি করেন নড়াইল জেলার লোহাগড়া থানার সারল গ্রামের তরিকুল ইসলামের ছেলে উপশহর এ ব্লক বাসা নং ১২৭ নং ভাড়াটে পারভেজ হোসেন। মামলায় আসামি করেন প্রতারক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চরকোটাখোল গ্রামের সৈয়দ রমজান আলীর মেয়ে রুনা লাইলা, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার তেরাখুরি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুর রহিম, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ইসলাম পুর (পশ্চিম পাড়ুয়া) প্রোঃ সোফা এন্টার প্রাইজের মালিক নুরুদ্দিনের ছেলে মনজুর আহমেদ।
এ মামলায় পারভেজ হোসেন উল্লেখ করেন, সে যশোর সরকারি সিটি কলেজে অনার্স শেষ বর্ষে (অর্থনীতি) বিভাগে লেখাপড়া করেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে রুনা লাইলা ও আব্দুর রহিম এবং মনজুর আহমেদ বাদীকে বিজিবিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতে থাকে। একপর্যায় বাদী রাজি হয়। রুনা লাইলা, আব্দুর রহিম ও মনজুর আহমেদ বাদীকে বলে যে, চাকরি পেতে গেলে সাড়ে ৫লাখ টাকা তাদের দিতে হবে। এক পর্যায় বাদী রুনা লাইলা ও আব্দুর রহিমকে বিগত ২০২০ সালের ২২ নভেম্বর সকাল ৯টায় বাদীর বর্তমান ঠিকানা এ ব্লক বাসা নং ১২৭ এর ঠিকানায় এসে নগদ ১লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। যার মধ্যে রুনা লাইলা ১লাখ ও আব্দুর রহিম ৫০ হাজার টাকা নগদ হাতে বাদীর কাছ থেকে গ্রহণ করেন এবং বাদ বাকী ৪ লাখ টাকা মনজুর আহমেদের ব্যাংক একাউন্টে ঢোকাতে বলে। সে মোতাবেক বাদী উক্ত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় মণিহারের পূর্ব পাশের্^ পূবালী ব্যাংকের শাখায় মনজুর আহমেদের ব্যাংক একাউন্টে ৪লাখ টাকা জমা প্রদান করেন। টাকা দেওয়ার সময় বাদীকে বলেছিল বিগত ২০২১ সালের ১ জুনের মধ্যে উল্লেখিতরা বাদীকে বিজিবিতে চাকরি প্রদান করবে। কিন্তু ১ জুন ২০২১ইং অতিবাহিত হলেও বাদীকে চাকরি দিতে না পারায় বাদী টাকা ফেরত চাইলে আসামিরা গড়িমসি করতে থাকে এবং টাকা ফেরত দিবে বলে আজ না কাল ঘোরাতে থাকে। অত:পর গত ২৫ আগস্ট শুক্রবার সকাল ১০টায় আসামিরা সংবাদ দিয়ে বাদীর ভাড়া বাসায় ডেকে এনে সাড়ে ৫লাখ টাকা ফেরত দিতে বললে প্রতারক রুনা লাইলা, আব্দুর রহিম ও মনজুর আহমেদ কোনো টাকা ফেরত দিতে পারবেনা বলে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় বাদী উপায়ন্তর না পেয়ে কোতয়ালি থানায় মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লেখা পর্যন্ত পুলিশ অভিযান শুরু করেছেন।
॥ কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা ॥
পূর্ব শত্রুতার এক পর্যায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে মিজানুর রহমান (৩৩) নামে এক ওয়েল্ডিং ব্যবসায়ীকে গতিরোধ করে ধারালো হাসুয়া দা লোহার রড দিয়ে আঘাত করে জখম করে নগদ ১ লাখ ৩০ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর উত্তর পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে মতিয়ার রহমান। মামলায় আসামি করেন সদর উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়ার আজিজুর রহমানের ছেলে নয়ন হোসেন ও বাহাদুরপুর প্লটপাড়া ৪নং নওয়াপাড়া ইউনিয়নের জিয়ারুল ইসলামের ছেলে জিল্লুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন।
॥ দুই গাঁজা বিক্রেতা আটক ॥
গাঁজা বেচাকেনার অভিযোগে পুলিশ আলাদা অভিযান চালিয়ে দুই বিক্রেতাকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলার আব্দুল হামিদের ছেলে আহসান কবির বাপ্পী ও সদর উপজেলার কচুয়া (ঘাটকুল পাড়া) গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইব্রাহীম খলিল ওরফে খলিল। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার কচুয়া ঘাটকুল পাড়া আব্দুল জলিলের বাড়ির সামনে অভিযান চালিয়ে ইব্রাহীম খলিল ওরফে খলিলকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। অপরদিকে সদর পুলিশ মণিহার বাসস্ট্যান্ড এলাকার নড়াইল বাস স্ট্যান্ডের মধ্যে পাবলিক টয়লেটের পশ্চিম পাশে ফাঁকা জায়গা থেকে আহসান কবির বাপ্পীকে গাঁজা বিক্রিরত অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে ২শ’ ৩ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়।
॥ সস্ত্রীক মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের চার্জশিট ॥
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক আমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী গৃহিনী বিথীকা সিকদারকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত শেষে দুদক যশোর কার্যালয়ের সহকারি পরিচালক মোশাররফ হোসেন আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পরিচালক আল আমিন। অভিযুক্ত অমল কুমার বিশ্বাস বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং তার স্ত্রী বিথীকা শিকদার গৃহিনী। বিথীকা শিকদার মাগুরার শালিখার সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের আপন বোন।
মামলার অভিযোগে জানা গেছে, অমল কুমার বিশ্বাস ১৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ১৯৯৩ সালের ১৭ নভেম্বর প্রাণিবিদ্যা বিষয়ে সিটি কলেজের যোগদান করেন। বিভিন্ন কলেজে চাকরি করে ২০০৯ সালের ২২ মার্চ যশোর শিক্ষাবোর্ডে উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করেন। পরে ২০১০ সালের ১৭ জুন শিক্ষাবোর্ডে কলেজ পরিদর্শক হিসেবে যোগদান করেন। এরপর ২০১২ সালের ১২ এপ্রিল তিনি সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর অধ্যাপক পদে পদোন্নতি পান। এখন তিনি যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে কর্মরত আছে।
অমল কুমার বিশ্বাস ও তার স্ত্রীর দেয়া সম্পদের প্রাথমিক তদন্ত শেষে ব্যাপক গড়মিল খুজে পায় দুদক। এ ঘটনায় ২০১৯ সালে দুদক বাদী হয়ে মামলা করে। মামলার তদন্ত শেষে অশর কুমারের ৫৬ লাখ ৪৬ হাজার টাকার স্থাবর ও ৫৪ লাখ ১১ হাজার ৪৫৭ টাকার অস্থাবরসহ মোট ১ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৪৫৭ টাকার সম্পদ এবং স্ত্রী বিথীকা শিকদারের নামে উক্ত পরিমাণ সম্পদ পাওয়া যায়। আসামি দ্বয়ের মোট প্রাপ্ত সম্পদের পরিমাণ ২ কোটি ২১ লাখ ২ হাজার ৬৮৭ টাকা। সে মোতাবেক তারা দুদকে ৩২ লাখ ৪১ হাজার ৪৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া এর বিপরীতে পারিবারিক খরচ, চিকিৎসা ব্যয়, বিদেশ ভ্রমণ ও ছেলেমেয়েদের লেখাপড়া খরচ বাদে উভয়ের বৈধ নিট আয় পাওয়া গিয়েছে ৭৬ লাখ ২২ হাজার ৪০২ টাকা। এ অনুযায়ী আসামিদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা।
এ মামলার দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা দন্ডবিধি ১০৯ ধারায় আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজন জামিনে আছেন বলে উল্লেখ করা হয়েছে।
॥ পুলিশের জাতীয় দিবস শোক পালন ॥
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা যশোর জেলা পুলিশের আয়োজন অনুষ্ঠিত হয়। যশোর সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যশোর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দারগনি খান পলাশ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, যশোর পুলিশ কমিউনিটির আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাহার হোসেন মন্টু, এম এম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।
॥ গাছ চাপায় শ্রমিকের মৃত্যু ॥
যশোরের বাঘারপাড়ায় গাছ মাথার ওপর পড়ে আব্দুল মান্নান (৫০) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মান্নান উপজেলার দোহাকুলা ইউনিয়নের দোহাকুলা গ্রামের মধ্যপাড়ার আব্দুল জব্বারের ছেলে। রোববার দুপুরে ঠাকুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একই গ্রামের চারজন গাছকাটা শ্রমিককে নিয়ে ঠাকুরকাঠি গ্রামের আলমগীরের বসত বাড়িতে লম্বু গাছ কাটতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি রশি দিয়ে বেঁধে যেপাশে নামানোর চেষ্টা করেছিলেন সেই পাশে গাছটি না পড়ে তার পাশে থাকা পেয়ারা গাছের উপর পড়ে, এরপর পেয়ারা গাছের পাশে দাড়ানো আব্দুল মান্নানের মাথার ওপর গাছটি পড়ে। স্থানীয়রা এসময় আহত মান্নানকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আব্দুল মান্নান একজন অভিজ্ঞ গাছকাটা শ্রমিক। তিনি দোহকুলা গ্রামে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। ছোট ছেলে জন্ম থেকেই রোগাক্রান্ত। করোনাকালিন সময়ে বড় ছেলে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হলে পরিবারের একমাত্র উপার্জনকারী হিসাবে ছিলেন মান্নান।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসমিন আক্তার সাংবাদীকদের বলেন, গাছ কাটা শ্রমিক আব্দুল মান্নান ঘটানাস্থলেই নিহত হয়েছেন’।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
॥ কৃষি যন্ত্রপাতির ওপর দুই দিনব্যাপী কর্মশালা ॥
বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালক, মেকানিকদের নিয়ে দুই দিনের এক প্রশিক্ষণ কর্মশালা যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় রোববার থেকে শুরু হয়েছে। ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় যশোরের বাঘারপাড়া গাইদঘাট এলাকার ৪০ জন কৃষক প্রশিক্ষণার্থীদের নিয়ে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর আরএআরএস’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দিন আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এরএফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এফএমডিপি প্রজেক্টের প্রকল্প পরিচালক ড, মো নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন যশোর আর এ আর এস এর বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান। সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের এফএমপিই বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আতাউর রহমান। উক্ত কর্মশালায় ৪০ জন কৃষকদের মধ্যে প্রশিক্ষণ নেন।

