
যশোর অফিস : আপোষ মিমাংশার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে চাঁদা দাবি এবং মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা রায়পাড়ায়। আসামিরা হলো, কাঁঠালতলার বারেক মোল্লার ছেলে মাসুম (৩০), বুলুর ছেলে হাসান (২৬), একই এলাকার রাহুল (২৬) এবং পিন্টু (২২)।
যশোর শহরতলীর বড় বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী শারমিন খাতুন (৩০) এজাহারে উল্লেখ করেছেন, তার ছোট ভাই ইমনের (২১) সাথে কাঁঠালতলা এলাকার ফয়জুর খন্দকারের ছেলে বৈশাখী খাতুন অন্যন্যার (১২) মোবাইলের মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা নিজেরা গত ২৪ মে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে। কিন্তু পরবর্তীতে বৈশাখীর পিতা তার মেয়েকে খুঁজে না পেয়ে থানায় একটি জিডি করেন। ওই জিডির বুনিয়াদে র্যাব অন্যন্যাকে নেহালপুর থেকে উদ্ধার করে।
গত ৩ জুন বৈশাখীর পিতার বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি মিমাংশার জন্য প্রস্তাব দিলে তিনি ও তার স্বামীসহ অন্যান্যরা তাদের বাড়িতে পরদিন যান। সেখানে কথাবার্তার এক পর্যায়ে আসামিরা তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা চাঁদা দিতে রাজি না হওয়ায়। আসামিরা তার স্বামীকে মারপিট করে। শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। ওই বাড়িতে তাদের আটকে রেখে খুন জখমের হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি তার গ্রামের ইউপি মেম্বারকে ফোন দেন। ওই মেম্বার ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ওই বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে। এবং আগেই আসামিরা পালিয়ে যায়। পরে তিনি ও তার স্বামী গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় মামলা করেন।