
যশোর অফিস : জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নিদের মারপিটের শিকার হয়ে মারা গেছেন রুস্তম আলী (৪৫) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার দিকে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায়। নিহত রুস্তম ওই এলাকার আফিল উদ্দিনের ছেলে।
নিহতের শাশুড়ি আফসানা বেগম অভিযোগ করেছেন, জমি নিয়ে রুস্তমের বোনের মেয়েদের সাথে তার বিরোধ ছিলো। এই নিয়ে ভাগ্নিরা তাকে অনেক হুমকি দিতো। শুক্রবার সন্ধ্যার দিকে তার চার ভাগ্নি শিউলি, বিথী, রাণী ও বিউটি তার বাড়িতে যায় এবং তর্কবিতর্ক করে। পরে লাঠি দিয়ে মারপিট করে। এছাড়া কিল ঘুুষি মেরে মারাত্মক জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে আহত রুস্তমকে রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিসাধীন অবস্থায় রুস্তম পৌনে ৯টার দিকে মারা যান। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
এবিষয়ে কোতয়ালি থানায় ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, রেলগেটে একজন মারপিটের শিকার হয়ে মারা গেছে বলে শুনেছি। সেখানে পুলিশ গিয়েছে।