
যশোর অফিস : গত বৃহস্পতিবার দিনগত রাতে যশোর শহরের মনিহার মোড়স্থ নড়াইল বাসস্ট্যান্ডের সামনে ট্রাকের ধাক্কায় দেবরের মোটরসাইকেলের পিছনে বসা ভাবী গৃহবধূ মোছাঃ শাবানা বেগম (৪০) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে মামলাটি করেন শহরের সিটি কলেজ পাড়ার আলতাফ হোসেনের ছেলে নিহত গৃহবধূর স্বামী হাসমত হোসেন। মামলায় আসামি করেন, ঢাকা মেট্টো- ট-১১-৮৬২৯) ট্রাকের অজ্ঞাতনামা চালক।
মামলায় হাসমত হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় তার স্ত্রী মোছাঃ শাবানা বেগম দেবর মাহফুজ হোসেনের মোটরসাইকেল (যশোর হ-১৭-১৭০৫) যোগে বাসা হতে মনিহার মোড়ের উদ্দেশ্যে রওয়ানা করে। রাত আনুমানিক ৯টায় যশোর মনিহার মোড়স্থ নড়াইল বাসস্ট্যান্ডের সামনে পৌছালে ঝুমঝুমপুরের দিক হতে আসা উল্লেখিত নাম্বারের ট্রাকের অজ্ঞাতনামা চালক বেপরোয়াভাবে ও দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে বাদির ভাই মাহফুজের মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে বাদির স্ত্রী শাবানা বেগম মোটর সাইকেলের পিছন থেকে রাস্তায় পড়লে ট্রাকের পিছনের বাম পাশের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শাবানা বেগম নিহত হয়। পরিস্থিতি দেখে ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। পুলিশ ট্রাকটিকে জব্দ করেন। গৃহবধূর লাশের সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক চালক গ্রেফতার হয়নি।

