
যশোর অফিস : সোনা চোরাচালান মামলায় কামরুজ্জামান নামে এক চোরাকারবারিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতে বিচারক তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কামরুজ্জামান বেনাপোল বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৩ সালের ২৫ নভেম্বর বিকেলে বিজিবির একটি টহল দল পুটখালী মসজিদবাড়ি এলাকায় যানবাহন তল্লাশি করে সন্দেজজনক ভাবে কামরুজ্জামানকে আটক করে। এসময় কামরুজ্জামানের দেহ তল্লাশি করে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির সুবেদার শফি উদ্দীন বাদী হয়ে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ নভেম্বর আসামি কামরুজ্জামানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন পরিদর্শক কায়ুম আলী সরদার। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কামরুজ্জামান কারাগারে আটক আছে।