
যশোর অফিস : ধর্ষণ মামলার আসামি স্বামী বিটু আহম্মেদকে তালাক দিয়ে অন্যকে বিয়ে করেছেন স্ত্রী শিলা বেগম। সে কারণে ক্ষীপ্ত হয়ে বিটু আহম্মেদ কয়েকজনের সহযোগিতায় শিলা বেগমের দ্বিতীয় স্বামী কামাল হোসেনকে মারপিট করে হত্যাচেষ্টা চালিয়েছে। এই ঘটনায় শিলা বেগমের দ্বিতীয় স্বামী কামাল হোসেন বিটুসহ তার দুই সহযোগির বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন। বিচারক মামলাটি কোতোয়ালি থানার ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন।
আসামি বিটু আহম্মেদ অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের আব্দুল ওহাবের ছেলে তিনি সদর উপজেলার বসুন্দিয়া মোড় গাইদগাছি গ্রামের ফারুক মোড়লের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। মামলার অন্য আসামিরা হলো, কেফায়েতনগর গ্রামের শুকুর আলীর ছেলে রমজান আলী এবং গাইদগাছি গ্রামের হায়দার মোল্যার ছেলে মহিদুল। বাদী কামাল হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মৃত মোন্তাজ মোল্যার ছেলে।
তিনি মামলায় জানিয়েছেন, প্রধান আসামি বিটু আহম্মেদ দ্বিতীয় বিয়ে করে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় গাইদগাছি গ্রামের দুবাই প্রবাসি ফারুক মোড়লের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বিভিন্ন সময়ে ভাড়াটিয়া ওই নারীকে বিটু আহম্মেদ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তার ক্ষতি করার ষড়যন্ত্র করার সুযোগ খুঁজতে থাকে। তারই অংশ হিসেবে ২০২১ সালের ১০ জুন ভোর চারটার দিকে বিটু আহম্মেদ ঘরের সামনে গিয়ে ওই নারীকে ডাক দেন। বাড়ির মালিকের ডাকে সাড়া দিতে তিনি ঘরের দরজা খুলে দেন। এসময় চাপট দিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে ভাড়াটিয়া মিল শ্রমিক এক নারীকে ধর্ষণ করে বিটু। এরপরে ওই নারী জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ এসে বিটুকে আটক করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শেষে বিটুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা খাঁন মাসুদ রানা। সে কারণে ধর্ষক স্বামী বিটুকে তালাক প্রদান করেন তার স্ত্রী শিলা বেগম। শিলা বেগম পরে কামাল হোসেনকে বিয়ে করেন। গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বিটুর সহযোগী রমজান আলী ও মহিদুলসহ আরো কয়েকজনকে নিয়ে চাপট, লোহার রড ও হকিস্টিক দিয়ে কামাল হোসেনকে আঘাত করা হয়। এসময় তাদের আঘাতে মাটিতে পড়ে উপুর্যপুরি মারপিট করে এই ঘটনায় মামলা করা বা কাউকে বলা হলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন কামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানানোয় আদালতে এই মামলা করেছেন।