
ডেস্ক রিপোর্ট : নির্বাচনের আগে বিএনপির যে ঘোষণাপত্র ছিল সেটাই থাকবে, তা বাস্তবায়ন করা হবে এবং আগামী ১৫ তারিখের মধ্যেই সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেই বলেছিলাম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে।
কারণ বিএনপি ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। তারও পূর্বে বেগম খালেদা জিয়া নেতৃত্বে ৯ বছর স্বৈরাচারবিরোধী সংগ্রাম করেছে। গণতান্ত্রিক ও ভোটের অধিকারের জন্য বিএনপির সব সময় লড়াই করেছে এবং তারই বহিঃপ্রকাশ নির্বাচনে জনগণের এমন ভালোবাসা। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।
তিনি বলেন, ‘বিএনপি জনপ্রিয়তা কখনোই হারায়নি, কারণ বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, জনগণের অধিকার আদায়ের কাজ করেছে, এটাই বিএনপির বড় শক্তি। বিএনপি কোনো ক্যাডার বেল্ট রাজনৈতিক দল নয়, বিএনপি শান্তিপ্রিয় মানুষের দল। বিএনপির ভিশন এবং জনগণের প্রতি যে অঙ্গীকার তা সাধারণ মানুষ গ্রহণ করেছে বলেই এমন বিজয় সম্ভব হয়েছে।’
মহাসচিব আরো বলেন, ‘দীর্ঘ ১৫ বছর শাসনের ফলে এটি একটি বিজ্ঞান অনুষদ।
যখনই গণতন্ত্র চাপা থাকে, যখন গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করা হয় তখন অন্যান্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠে। আর সেটাই এ দেশে ঘটেছে। আজকে জামায়াতে ইসলামীর যতটুকু উত্থান হয়েছে তা আওয়ামী লীগের দমন-নিপীড়নের শাসন, বিরোধীদলগুলোকে কথা বলতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে হয়েছে। আমি এর সঙ্গে বলতে পারি সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করেছে।’
সরকার গঠন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচন করেছে এবং তাদেরকে সঙ্গে নিয়েই সরকার গঠন করা হবে।
বিএনপি যে ৩১ দফা জনসম্মুখে রেখেছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

