
নড়াইল প্রতিনিধি :মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়ার বিরূদ্ধে চাকরি বিধি বহির্ভুত আচরণের অভিযোগ উঠেছে। তিনি নিজ জন্মস্থান নড়াইলে আসলেই আওয়ামী লীগ দলীয় একটি অংশের নেতা-কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক, সভা সমাবেশ করাসহ শোভা যাত্রা এবং মহড়া দেন বলে অভিযোগ উঠেছে। ঈদুল আজহার পর দিন স্থানীয় আওয়ামী লীগ দলীয় একটি পক্ষের নেতা-কর্মীদের বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি নড়াইল-১ আসনের এলাকা ঘোরেন।
নড়াইল-১ আসনের কালিয়া উপজেলা, নড়াইল সদর ও নড়াগাতী থানার বিভিন্ন ইউনিয়নে গিয়ে তৃণমূল নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধ পরিকর। তাই, দেশের চলমান সার্বিক উন্নয়নকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি ঈদুল আযহার পরের দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে আরোও বলেছেন, নড়াইল-১ আসনে এ পর্যন্ত দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি। এলাকার সন্তান হিসাবে অবহেলিত নড়াইল তথা কালিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চাই। সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, হানাহানি, সংঘাত দূর করে এলাকার উন্নয়ন ঘটাতে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের ভাগিদার হতে চাই। এলাকার গরীব, দুঃখী, অসহায় মানুষের সেবা করতে চাই। তাছাড়া, তিনি নড়াইলের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়নসহ তাদের কর্মসংস্থানের সুযোগদানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় এলাকার কৃতি সন্তান সিনিয়র সচিব খাজা মিয়াকে কাছে পেয়ে এলাকার নারী-পুরুষ তাদের বিভিন্ন সমস্যার কথা তার নিকট তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তিন দিনব্যাপী শুভেচ্ছা বিনিময়কালে নড়াইল-১ আসনের নড়াইল সদর উপজেলার শেখহাটি, বিছালী, ভদ্রবিলা ও কলোড়া, সিঙ্গাশোলপুর ইউনিয়ন এবং কালিয়া উপজেলার বাঐশোনা ইউনিয়নের যোগানিয়া বাজার, মাউলী ইউনিয়নের মহাজন বাজার, পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা, সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন কালিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা, সালাউদ্দিন বশির, মফিজুল হক, মোল্যা টিপু সুলতানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি বলেন, রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে থাকছে না, বিভিন্ন পেশা থেকে এসে রাজনীতিকে কলুশিত করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক সিনিয়র সচিব খাজা মিয়া চাকরির বিধি বহির্ভুত আচরণ করছেন। তিনি চাকরির নৈতিক অধিকার হারিয়েছেন।