
সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১,২০০ লিটার ডিজেল জব্দ করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ির গুদাম থেকে ছয় ব্যারেল ডিজেল জব্দ করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে অভিযান চালায়।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে জরিমানা করা হয়েছে এবং জব্দকরা ডিজেল বর্তমানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকরা এ ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তবে এই জরিমানার বিষয়ে ভিন্ন যুক্তি দিয়েছেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। তার দাবি, তার প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে, যেখানে সেচকাজের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ ডিজেল প্রয়োজন হয়। এছাড়া দুটি ডেকু মেশিন সচল রাখতে প্রতিদিন তার গড়ে প্রায় ৭০০ লিটার পর্যন্ত জ্বালানির চাহিদা থাকে। সে হিসেবে জব্দকরা ১,২০০ লিটার তেল মাত্র দুই দিনেরও কম সময়ের চাহিদার সমান।
চেয়ারম্যানের দাবি, কাজের ধারাবাহিকতা রক্ষায় মাত্র এক দিনের জ্বালানি আগাম সংগ্রহ করে রাখা কোনোভাবেই আইনগত অন্যায় বা অসাধু মজুদদারি হতে পারে না। তার মতে, মৎস্য প্রকল্পের প্রকৃত চাহিদা বিবেচনা না করেই এই জরিমানা করা হয়েছে।