
জন্মভূমি ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করে তা পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে বলেছি, আমরা অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সেপ্টেম্বরে এ সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করা হবে এবং আশা করছি পাস হবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক আছে সেটা তার সফরে (ইমন গিলমোর) আরও জোরদার হলো। আমরা তথ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি। ডেটা প্রটেকশন অ্যাক্ট নিয়ে অংশীজনের সঙ্গে একবার আলোচনা করার পর একটি ড্রাফট করা হয়েছে। এই ড্রাফট নিয়ে আবারও অংশীজনের সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, তার সঙ্গে আমার শ্রম আইন নিয়ে আলাপ হয়েছে। এ বিষয়ে আমি বলেছি শ্রমিক এবং শ্রম আইন নিয়ে বাংলাদেশে অনেক কাজ হয়েছে এবং বর্তমানে করছি। আগামীতেও করা হবে। যেটুকু সমস্যা আছে সেটা আইএলও এর আগামী গভর্নিং বডির মিটিংয়ে সমাধান হবে আশ্বাস দিয়েছি। এ বিষয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে আমরা যে আইনটি করেছি সেটার ব্যাপারে আমি তাকে বলেছি। গত পঞ্চাশ বছরে উপমহাদেশে এ ধরনের আইন করা হয়নি বলেও জানিয়েছি। একইসঙ্গে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে এ আইনটি প্রয়োজন বলে জানিয়েছি। এ নির্বাচন কমিশন এই আইনের আলোকেই নিয়োগপ্রাপ্ত হয়েছে বলেও আমি উল্লেখ করেছি। আপনারা তার কথা শুনেছেন। এটা শোনার পরেও তিনি বলেছেন- ‘ইটস এ ভেরি বিগ স্টেপ’।