
ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘বিগত ৫৪ বছর যারা দেশ চালিয়েছে, তারা পাঁচবার দুর্নীতি ও চুরির দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে। তারা বিশ্বদরবারে আমাদের অপমানিত করেছে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরাই প্রতিশ্রুতি দিয়েছি যে, রাষ্ট্র পরিচালিত হবে ইসলামের নীতি অনুযায়ী।’
পূর্বের জোটবদ্ধ রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সমঝোতার ভিত্তিতে এগোচ্ছিলাম। ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য একটি ‘বাক্স’ নিশ্চিত করতে আমরা প্রথমে পাঁচটি দল ঐক্যবদ্ধ ছিলাম। পরবর্তীতে সেই জোটে জামায়াতসহ আরও কয়েকটি দল যোগ দেয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ ভোট। কিন্তু যখন দেখা গেল সারাদেশের মানুষ এর পক্ষে সাড়া দিচ্ছে, তখন তারা ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে প্রচলিত গণতন্ত্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেয়। আমরা কি আর এমন সমঝোতায় থাকতে পারি? মূলত ইসলামের পক্ষের ভোট আলাদা করতেই আমরা হাতপাখা প্রতীক নিয়ে সারাদেশে ২৫৮টি আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।

