
জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন গণপরিবহণ চলবে। তবে মোটরসাইকেল ও দূরপাল্লার বাস বন্ধ থাকবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব তথ্য জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।
জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনে ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহণ, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এবারও মোটরসাইকেল ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি না দিতে, গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরামর্শ দেন জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান।
আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।